জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। দেশের চলচ্চিত্রাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৮টি বিভাগে মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এবারের পুরস্কারে আজীবন সম্মাননা বিভাগে যৌথভাবে মনোনীত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ঝর্ণা বসাক (শবনম) ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। একই বিভাগে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান নির্মাতা তারেক মাসুদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চু।
প্রজ্ঞাপন অনুযায়ী, কে এম হালিমুজ্জামানের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি অর্জন করেছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। একই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবেও নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ‘মরিয়ম’-এর জন্য চৈতালী সমদ্দার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’-এর জন্য এলিজা বিনতে এলাহী শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পাচ্ছেন।
অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আফরান নিশো। ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হয়েছেন আইনুন নাহার পুতুল।
এছাড়া ‘সুড়ঙ্গ’-এর জন্য মনির আহাম্মেদ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা, ‘ওরা সাত জন’-এর জন্য নাজিয়া হক অর্ষা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য খন্দকার রশিদ আহমেদ শ্রেষ্ঠ খল চরিত্র এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠ কৌতুক চরিত্রের পুরস্কার পাচ্ছেন।
শিশুশিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য মো. লিয়ন শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ পুরস্কার পাচ্ছেন।
সংগীত বিভাগে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক, ‘সুড়ঙ্গ’-এর জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা, ‘প্রিয়তমা’র জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার এবং প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা, শিল্প নির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দগ্রহণ, পোশাক ও সাজসজ্জা এবং মেকআপসহ বিভিন্ন কারিগরি বিভাগেও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একাধিক শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
দেশের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সৃজনশীল শিল্পী ও কলাকুশলীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হলো।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক