বিকেলে দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, রাতে শহীদ মিনারে শেষ জানাজা
ঢাকা, ১৭ মে : কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে পৌঁছাবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেল ৫টায় তার মরদেহ ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের সাবেক ফুটবল অধিনায়ক কায়সার হামিদ।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর বনানী ডিওএইচএস জামে মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার–এ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ জানাজা। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মে ফজরের পর সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল্লাপুরে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কারিনার মরদেহ দেশে আনার ক্ষেত্রে কার্গো ফি মওকুফ করেছে। এ জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কায়সার হামিদ।
উল্লেখ্য, কারিনা কায়সার গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই–এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তিনি চেন্নাইয়ে অবস্থান করছিলেন।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স