মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা সুজাত শিমুল। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত। ব্যতিক্রমী এই দেনমোহরের অঙ্ক বেছে নেওয়ার পেছনে বিশেষ ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনেরা উপস্থিত ছিলেন।
কেন ৯৯৯ টাকা দেনমোহর?বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেনমোহরের অঙ্কটি ব্যতিক্রমী রাখার কথা ভেবেছিলেন তাঁরা। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বিশেষ অর্থ বহন করে—এমন একটি সংখ্যা খুঁজছিলেন নবদম্পতি। সেই ভাবনা থেকেই ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণ করেন তাঁরা।
প্রথম আলোকে সুজাত শিমুল জানান, জরুরি প্রয়োজনে সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা যায়। পরিচিত এই নম্বরটির সঙ্গে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। তাঁর ভাষ্য, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ; এর মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায় এবং আসে এক ধরনের পূর্ণতা।
ডিসেম্বর মাসে হবে মূল আয়োজনরোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিয়ের খবর জানিয়ে বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন অভিনেতা।
তিনি লেখেন, অল্প সময়ের মধ্যে শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। পরিবারের ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতেই আয়োজনটি সীমিত পরিসরে করা হয়েছে।
শিমুল আরও জানান, আগামী ডিসেম্বর মাসে সবাইকে সঙ্গে নিয়ে মূল আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নতুন দাম্পত্যজীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স