সরকারের উন্নয়নকাজে বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৭:৫৯ বিকাল
  • ২২২৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকারের উন্নয়নকাজে বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দেশের জনগণই তা প্রতিহত করবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়েই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগ বাস্তবায়নের সময় একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সচেতনভাবেই বিএনপির পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের দেওয়া সেই সমর্থনের ভিত্তিতেই আমরা ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করব।”

সরকারি কর্মসূচি বাধাগ্রস্তের যেকোনো অপচেষ্টা জনগণই রুখে দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সবাইকে সচেতন থাকতে হবে।

খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিশ্ব খাল পুনঃখননে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব। কোনো বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে পা দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।

দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য একটাই—দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি এসব কর্মসূচি বাস্তবায়ন করছে এবং জনগণের সমর্থন থাকলে ভবিষ্যতেও কাজ করে যাবে।”

সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad