বৃহস্পতিবার বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। এর আগে এ কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশনা জারি করে বিআরটিএ। এতে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। নতুন নির্দেশনা অনুযায়ী, পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।
নম্বরপ্লেটের নির্ধারিত মাপ
বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। নমুনা হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করেছে বিআরটিএ।
নতুন সময়সীমা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকরা নির্ধারিত নকশা ও মাপ অনুসরণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক