শ্রমজীবী নারীর সংগ্রাম নিয়ে ফের মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’
একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত বটতলা প্রযোজিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ আবারও মঞ্চে আসছে। আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামে রচিত নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।
বটতলার বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমজীবী নারীর দৈনন্দিন সংগ্রামের মধ্য দিয়ে শোষিত ও নিপীড়িত মানুষের জীবনবাস্তবতা নাটকটিতে শিল্পিতভাবে তুলে ধরা হয়েছে। ক্ষমতার নানা সমীকরণে পিষ্ট মানুষের বেঁচে থাকার লড়াইই এ নাটকের মূল উপজীব্য।
নাটকের কাহিনিতে উঠে এসেছে একটি পোশাক কারখানার কর্মজীবী তরুণীর জীবনসংগ্রাম। স্বামী, সন্তান, কারখানার চাকরি এবং দারিদ্র্যপীড়িত সংসারের টানাপোড়েনে আটকে থাকা এক নারীর প্রতিদিনের লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প। ওভারটাইমের ক্লান্তি, সংসারের চাপ এবং উদাসীন স্বামীর আচরণের ভেতর দিয়ে একসময় প্রতিবাদী হয়ে ওঠার চেষ্টাও উঠে এসেছে নাটকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান ও মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে।
নাটক প্রসঙ্গে কাজী রোকসানা রুমা বলেন, “জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটকে থাকা এক নারীর গল্প নিয়ে ‘রাইজ অ্যান্ড শাইন’। এতে একজন পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রটিতে দর্শক পরিচিত মানুষের ছায়া খুঁজে পাবেন।”
উল্লেখ্য, বটতলার আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে। এরপর বিভিন্ন সময়ে নাটকটির একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স