মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে ৭২ জনকে জিম্মি, সাগরে ভাসিয়ে পালাল পাচারকারীরা

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ দুপুর
  • ১০৩৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আট দিন ট্রলারে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ, সাতজনকে সাগরে ফেলে দেওয়ার দাবি ভুক্তভোগীদের

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে ট্রলারে তুলে আট দিন সাগরে আটকে রাখার অভিযোগ উঠেছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। এ সময় যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ দাবি এবং নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একপর্যায়ে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রলার ফেলে পালিয়ে যায় তারা।


ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। বাকি ৬৫ জনের মধ্যে অনেকে উপকূলে উঠতে সক্ষম হন। পরে পুলিশ নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফ সদরের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ওই ট্রলারে ৭২ জনকে রাখা হয়েছিল। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল।


উদ্ধার হওয়া টেকনাফের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথাকাটাকাটি শুরু হয়।


তার ভাষ্য, বিরোধের একপর্যায়ে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে আসা হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। এ সময় ট্রলারে থাকা চক্রের দুজনকে আটকে রাখা হয়েছিল। ট্রলারে মোট ৭২ জন যাত্রী ছিলেন বলেও জানান তিনি।


সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ


উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাদের জিম্মি করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে সাগরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তাদের দাবি, পাচারকারীরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন।


উদ্ধার হওয়া জাহাঙ্গীর জানান, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। একপর্যায়ে দালাল চক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন বলে তিনি দাবি করেন। পরে কয়েকজন যাত্রী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং ট্রলারের নিয়ন্ত্রণ নেন। ট্রলারটি শৈবাল পয়েন্টের কাছে পৌঁছালে তারা নেমে ঝাউবাগানের দিকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করেন।


বিদেশে পাঠানোর প্রলোভনে আটকে রাখার অভিযোগ


উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বাড়ি থেকে ডেকে নিয়ে কাজের প্রলোভন ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নেওয়া হয়। সেখানে আটকে রাখার পর ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।


উখিয়ার বাসিন্দা রিদোয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তারা মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।


তিনি বলেন, আটকে রাখার পর তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। পাচারকারী চক্রের সদস্যরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পাহারা দিতেন। আট-নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয় তাদের। সেখানে নারীসহ অন্তত ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।


রিদোয়ানের দাবি, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়েছে তাদের। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো।


তিনি আরও জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। শুক্রবার সন্ধ্যার পর তারা লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়াতে সক্ষম হন।


নিখোঁজ স্বজনদের খোঁজে থানায় স্বজনরা


উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাদের স্বজনরা। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, প্রায় ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে কল করে ছেলের খবর পেয়েছেন কি না জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলে সে জানায়, তাকে মারধর করে আটকে রাখা হয়েছে।


সাইফুলের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।


আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।


ভুক্তভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।


আব্দুল আমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ


টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানব পাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।


অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ কাজে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন স্থানীয়রা।


তাদের দাবি, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে অপহরণ, মাদক ও মানব পাচারসংক্রান্ত অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, টেকনাফ সদরে সাইফুল ইসলাম, শামসুল আলম, হেলাল, ইসমাইল ও আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি বড় মানব পাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।


তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad