শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অভ্যন্তরীণ অনুসারীদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।
নিহতদের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে রিজভী বলেন, অনেক চেষ্টা করেও কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। একইভাবে এসব হত্যাকাণ্ডের বিচারও কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেই শুক্রবার বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছান বিএনপির এই নেতা। পরে পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তিনি দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

প্রথম দর্পণ,ডেস্ক