শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয় উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
যেভাবে ধরা পড়ে স্বাক্ষরের অসংগতি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি যাচাই-বাছাই করার পর স্বাক্ষরে জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলে তাঁকে জানানো হয়েছে।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা অতীতে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করেছেন। অথচ হাইকমিশনে পাঠানো চিঠির স্বাক্ষরে সেই প্রচলিত স্বাক্ষরের সঙ্গে অসংগতি পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
ম্যাট্রিক্স চেম্বার্সকে নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, চিঠি পাঠানোর আগে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার কাছে তাঁর স্বাক্ষরের ধরন সম্পর্কে জানতে পারতেন। তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা বাংলায় নাকি ইংরেজিতে স্বাক্ষর করেন, সেটি যাচাই না করেই কেন চিঠি পাঠানো হলো।
তবে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্সের আনুষ্ঠানিক বক্তব্য বা হাইকমিশনের লিখিত বিবৃতি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক