প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ বিকাল
  • ২০৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে আওয়ামী লীগবিরোধী প্রতিরোধে অভিন্ন অবস্থান থাকলেও বিএনপি ও জামায়াতের এক মঞ্চে ওঠা কিংবা যুগপৎ কর্মসূচি পালনের সম্ভাবনা নেই। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্তে রয়েছে।

রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কার নিয়ে মতপার্থক্য এখনো কাটেনি। ফলে জাতীয় ঐক্যের কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

সংসদে প্রধানমন্ত্রীর আহ্বান, সাড়া বিরোধীদলীয় নেতার

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালে যেভাবে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। কিন্তু এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পৃথক কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদার করতে শিগগিরই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন।

লিখিত অঙ্গীকার চায় বিরোধী শিবির

বিরোধী দলগুলোর একাংশ মনে করছে, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্য সাময়িক হলে চলবে না। বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সমঝোতার জন্য লিখিত অঙ্গীকার প্রয়োজন। তাদের প্রস্তাবিত ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’।

এ ক্ষেত্রে জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধানে জুলাই-সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্তির প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নির্ধারণের দাবি রয়েছে।

বিরোধী সূত্রগুলোর অভিযোগ, সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর বক্তব্য ও আচরণ রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। এ বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

জাতীয় ঐক্যের পক্ষে বিএনপি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। এর বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জুলাই সনদের সঙ্গে জাতীয় ঐক্যকে এক করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই সনদ বাস্তবায়ন করা হবে। দেশের স্বার্থে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন।

এক মঞ্চে নয়, পৃথক কর্মসূচিতে জামায়াত

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে এক মঞ্চে ওঠা কিংবা যুগপৎ আন্দোলনের পরিকল্পনা নেই।

দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণার পর তিনি বলেন, বিএনপি এখন সরকারে, আর জামায়াত বিরোধী দলে। ফলে আগের মতো যুগপৎ আন্দোলনের পরিস্থিতি নেই। তবে ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য প্রতিরোধে সব দল পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। জামায়াতও জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় থাকবে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দলটির নেতাকর্মীরা দেশব্যাপী সক্রিয় রয়েছেন।

তবে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রতি নমনীয়তার অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতার সুযোগ পাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ঐক্যের জন্য এক মঞ্চ জরুরি নয়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায়ও এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

তাঁর মতে, জাতীয় ঐক্যের জন্য সব দলকে একই মঞ্চে আসতে হবে এমন নয়। বরং অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে নিজ নিজ অবস্থান থেকে রাজপথে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে ঐক্যের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সব মিলিয়ে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হলেও জাতীয় ঐক্যের কাঠামো, স্থায়িত্ব এবং কর্মসূচির ধরন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সমঝোতা না হলে এই ঐক্য কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও উদ্ধৃত সূত্রের ভিত্তিতে প্রতিবেদনটি সাজানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad