ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কাণ্ড নিয়ে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার নতুন বক্তব্যের পর এবার পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও নিজের সময়ের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তার দাবি, পাকিস্তান দলও একসময় বলের আকৃতি পরিবর্তনে বিভিন্ন কৌশল অবলম্বন করত। এ ক্ষেত্রে স্যান্ডপেপারের পরিবর্তে বোতলের ছিপি ব্যবহার করা হতো।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক সাময়িকী উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শোয়েব। তিনি বলেন, ইংল্যান্ডে খেলার সময় তারা বোতলের ছিপি ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করতেন। শুধু তা-ই নয়, বল পরিবর্তনসহ আরও নানা কৌশলও অবলম্বন করা হতো।
কেপটাউন কাণ্ড নিয়ে খাজার নতুন দাবি২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেটবিশ্বে ব্যাপক তোলপাড় হয়েছিল। ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায়।
এ ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরে তিনজনকেই নিষিদ্ধ করা হয়।
সম্প্রতি নিজের আত্মজীবনীতে ওই ঘটনা নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন উসমান খাজা। তার দাবি, কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন। এমনকি এর আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
দলের অজান্তে টেম্পারিং সম্ভব নয়খাজার বক্তব্যের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল তুলে ধরে শোয়েব আখতার মনে করেন, বল টেম্পারিংয়ের মতো ঘটনা সাধারণত দলের অজান্তে এক-দুজন খেলোয়াড়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে দলের অন্য সদস্যদেরও ধারণা থাকার কথা।
শোয়েবের মতে, রিভার্স সুইং আদায় করতে না পারলে অনেক সময় ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। এ কারণে তারাও বল নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেন এবং দলের অন্য সদস্যরা বিষয়টি জানতেন।
নিজের সাবেক সতীর্থদের নিয়ে আরও কিছু অজানা অভিজ্ঞতার কথাও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তবে কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলে সেসব ঘটনা প্রকাশ করেননি তিনি।
শোয়েব জানান, তার জানা এমন অনেক ঘটনা রয়েছে, যেগুলো প্রকাশ করলে সাবেক সতীর্থরা বিপদে পড়তে পারেন। ক্যারিয়ারে এমন পরিস্থিতিও এসেছে, যখন প্রতিপক্ষের ১১ জনের পাশাপাশি নিজের দলের খেলোয়াড়দের নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল। তখন কাকে বিশ্বাস করবেন, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ত।
ক্রিকেটের জন্য ক্ষতিকর বল টেম্পারিংবল টেম্পারিংয়ের পক্ষে নন বলে স্পষ্ট জানিয়েছেন শোয়েব আখতার। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেটের ক্ষতি করে এবং খেলাটির স্বার্থে এমন ঘটনা কখনোই কাম্য নয়।
খাজার সত্য প্রকাশের সিদ্ধান্তকে সঠিক বলেও মনে করেন তিনি। তবে আট বছর আগের ঘটনা নিয়ে অতিরিক্ত আলোচনা না করে বিষয়টি এখানেই শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন শোয়েব। তার মতে, অতীতের ঘটনা সামনে এসেছে এবং সত্য প্রকাশ পেয়েছে। এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এমনকি তাদের সময়েও এ ধরনের কর্মকাণ্ড খেলাটির ক্ষতি করেছে।

প্রথম দর্পণ,ডেস্ক