গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের ম্যাচে সিউদাদ দে ইয়ান্তসাসা ও রিও আগুয়ারিকো এফসির মুখোমুখি লড়াইয়ে এ ঘটনা ঘটে। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইয়ান্তসাসার খেলোয়াড় জন পেরলাসার ছোড়া ঢিল গিয়ে আঘাত করে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেসের শরীরে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অস্ত্রোপচার করতে হয়েছে রেফারির
ইকুয়েডর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ঢিলের আঘাতে সহকারী রেফারি গুরুতর আহত হয়েছেন। তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে অন্তত ৬০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ফেডারেশন।
ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার দায়ে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি পেরলাসাকে দোষী সাব্যস্ত করে। এর পরিপ্রেক্ষিতে তাকে আট বছরের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। আগামী ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ
পেরলাসার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শুধু ইকুয়েডরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন। শাস্তিটি বিশ্বব্যাপী কার্যকর করার জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
এদিকে খেলোয়াড়ের এমন আচরণের দায়ে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে সিউদাদ দে ইয়ান্তসাসাকে। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাবটিকে দুই হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। পাশাপাশি আহত সহকারী রেফারির চিকিৎসার ব্যয় হিসেবে আরও ৪ হাজার ৩৬৯ দশমিক ৭৩ ডলার পরিশোধ করতে হবে।
খেলোয়াড়কে বহিষ্কার করেছে ক্লাব
ঘটনার তিন দিন পর, ২০ অক্টোবর এক বিবৃতিতে রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চায় ইয়ান্তসাসা। ক্লাব কর্তৃপক্ষ জানায়, মাঠে কিংবা মাঠের বাইরে কোনো ধরনের মৌখিক বা শারীরিক সহিংসতাকে তারা সমর্থন করে না।
বিবৃতিতে আরও বলা হয়, ফুটবলকে পারস্পরিক শ্রদ্ধা ও সুষ্ঠু প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে দেখে ক্লাবটি। ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড়কে শনাক্ত করার পরপরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ওই খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স