মাতার বিদায় মানে শুধু একজন ফুটবলারের বুটজোড়া তুলে রাখা নয়, স্পেনের সোনালি প্রজন্মের আরেকটি পরিচিত মুখেরও বিদায়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪১ ম্যাচ। দুই বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলেও জায়গা করে নেন। ইতালির বিপক্ষে সেই আসরের ফাইনালে স্পেনের ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন এই মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে ফুটবলের যাত্রা শুরু মাতার। ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। সেখান থেকে ২০১১ সালের আগস্টে তাঁর ঠিকানা হয় ইংলিশ ক্লাব চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। টানা দুই মৌসুমে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। চেলসির হয়ে লিগে ৮২ ম্যাচ খেলে করেন ১৮ গোল। জেতেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ।
২০১৪ সালের জানুয়ারিতে নতুন ঠিকানা হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময়টাও ছিল সাফল্যে মোড়ানো। রেড ডেভিলদের হয়ে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেছেন মাতা। তাঁর অর্জনের তালিকায় যোগ হয় ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ইউনাইটেড ছাড়েন তিনি।
ইংল্যান্ড অধ্যায় শেষ করে তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবেতে খেলেছেন মাতা। ক্যারিয়ারের শেষদিকে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নামেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’
মাতার বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে তাঁর সাবেক দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি তাঁকে অভিহিত করেছে অসাধারণ এক খেলোয়াড় হিসেবে। ইউনাইটেডও অভিনন্দন জানিয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য, জানিয়েছে ভবিষ্যতের পথচলায় শুভকামনা।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স