রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ দুপুর
  • ৭৬০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।

এবার দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে পরে তা পরিবর্তন করা যাবে না।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), এইচএসসি (ভোকেশনাল), এ লেভেলসহ সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।

মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

জিসিই ও লেভেলে পাঁচটি এবং এ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কিংবা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের সাত দিনের মধ্যে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষা বোর্ড প্রণীত পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে বিবেচিত হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিভাগ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউনিটভিত্তিক আবেদন ফি

‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা।

‘বি’ (বাণিজ্য) ইউনিটে আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার টাকা এবং সার্ভিস চার্জ ১০০ টাকা।

যেসব বিভাগ থাকছে

‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা অনুষদের ১২টি, আইন অনুষদের দুটি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগ। এ ছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এ ইউনিটের অন্তর্ভুক্ত।

‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ রয়েছে। এগুলো হলো—হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটও (আইবিএ) এ ইউনিটের অন্তর্ভুক্ত।

‘সি’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো।

পরীক্ষার হলে মানতে হবে যেসব নির্দেশনা

ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

এ ছাড়া দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা এবং হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।

ভর্তি-সংক্রান্ত বিশেষ শর্ত, বিভাগভিত্তিক যোগ্যতা ও কোটায় আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

তথ্যসূত্র: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ১৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad