নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকায়ও পড়েছে এর নেতিবাচক প্রভাব। অনেকে পেশা বদলে রিকশা-ভ্যান চালাচ্ছেন, কেউ জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহণ ব্যয়ও বেড়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের মতে, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, পলি জমা এবং নিয়মিত ড্রেজিংয়ের অভাবে নদীগুলোর এমন দুরবস্থা তৈরি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে অনেক নদী অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়বে।
নদীর বুকে চর, ব্যাহত নৌযান চলাচল
প্রতি বছর নভেম্বর থেকে নদ-নদীর পানি কমতে শুরু করলে বিভিন্ন স্থানে চর জেগে ওঠে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টেও দেখা দিয়েছে চর। ব্রহ্মপুত্র নদের বুকে চর জেগে ওঠায় রৌমারী-রমনা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। তিস্তার পানি কমে যাওয়ায় সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী সেতুর আশপাশেও চর জেগেছে।
সাধারণত এপ্রিল-মে মাসে বৃষ্টিপাত শুরু হলে নদীগুলোতে পানির প্রবাহ বাড়ে এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
জীবিকা হারাচ্ছেন জেলে-মাঝিরা
তিস্তা নদীর ওপর নির্ভরশীল রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়নের বহু মানুষের জীবিকা এখন সংকটে। লক্ষ্মীটারী ইউনিয়নের বাসিন্দা শামছুল আলমসহ স্থানীয় কয়েকজন জানান, আগে মাঝিরা নৌকা চালিয়ে এবং জেলেরা মাছ ধরে সংসার চালাতেন। কিন্তু নদীতে পানি ও মাছ কমে যাওয়ায় তাদের আয় বন্ধ হয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে রিকশা-ভ্যান চালাচ্ছেন।
কুড়িগ্রাম জেলা পরিষদ সূত্রে জানা গেছে, লালমনিরহাট ও কুড়িগ্রাম অঞ্চলের ধরলা, তিস্তা, সতী, রতনাই, স্বর্ণামতী, বটেশ্বরী, সিংগীমারী, বুড়ি তিস্তা ও মালদাহাসহ ২৫টি নদ-নদীতে প্রায় ২০০টি ঘাট রয়েছে। এসব ঘাটে প্রতিটিতে ছয় থেকে ১৫ জন মাঝি কাজ করেন। নদীতে পানি কমে যাওয়ায় হাতে গোনা কয়েকটি ঘাট চালু রয়েছে। অধিকাংশ ঘাট বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন মাঝিরা।
রাজারহাট উপজেলার কাঁঠালবাড়ীর ধরলা নদীর কাউয়াহাগা ঘাটের মাঝি শমসের আলী ও আলীয়ার রহমান জানান, নদীতে চর জেগে ওঠায় নৌকা নিয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ বাড়ছে। ফলে ঘাটে যাত্রী কমে গেছে, কমেছে তাদের আয়ও।
উলিপুর উপজেলার হাতিয়া দাসপাড়া গ্রামের জেলে হরিহর চন্দ্র মাঝি জানান, নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এতে জীবিকা নির্বাহ করতে তাকে চরম কষ্টে পড়তে হচ্ছে।
সংকটে হাজারো পরিবার
দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ইছামতি, টাঙ্গন, শুক, কলিগ ও নাগর নদীতে চর জেগে উঠছে। পঞ্চগড়ের করতোয়া ও মহানন্দা নদীর নাব্যও কমেছে। এসব জেলার তিন শতাধিক ঘাট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার মাঝি পরিবার ও চার হাজার জেলে পরিবার সংকটে পড়েছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, কয়েক বছর ধরে জেলেরা কাজের সংকটে ভুগছেন। নদীতে পলি জমে শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় মাছ ধরার সুযোগ সীমিত হয়ে পড়েছে। ছোটবেলা থেকে মাছ ধরার পেশায় অভ্যস্ত জেলেরা হঠাৎ পেশা পরিবর্তন করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
নদী রক্ষায় মহাপরিকল্পনা ও ড্রেজিংয়ের উদ্যোগ
পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা বলেন, নদ-নদীগুলো রক্ষায় সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিস্তার পানির প্রবাহ কমে যাওয়ার পেছনে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রভাব রয়েছে। অন্যান্য নদ-নদীর অবস্থাও ভালো নয়।
তিনি জানান, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ করে নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, জরিপ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
পানির হিস্যা নিশ্চিতের তাগিদ
রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, এসব নদ-নদীর উৎস ভারতে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে না পারলে নদীগুলোকে বাঁচানো কঠিন হবে।
তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে আসা পানির প্রায় ৭০ শতাংশ রংপুর বিভাগের নদ-নদীগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। বর্তমানে এসব নদীর অবস্থা অত্যন্ত করুণ। শতাধিক নদী বিলুপ্তির পথে। নদীগুলো হারিয়ে গেলে কৃষি অর্থনীতি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংকটে পড়বে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা।
নদী গবেষকদের মতে, নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে উজানের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, নিয়মিত খনন এবং সমন্বিত নদী ব্যবস্থাপনা জরুরি। অন্যথায় উত্তরাঞ্চলের নদীনির্ভর অর্থনীতি ও পরিবেশ আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে।

প্রথম দর্পণ,ডেস্ক