উল্লাপাড়ায় এআই প্রযুক্তির অপব্যবহারে স্ত্রীকে নিয়ে অপপ্রচার; প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ দুপুর
  • ১০৯৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে স্ত্রী ও বাল্যবন্ধুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী অপু সরকার। তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শ্যামাইলদহ গ্রামের বাসিন্দা।

​সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাটিকুমরুলের গোলকপুর সিদ্দিকিয়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অপু সরকার বলেন, উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শক্তি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু। ছোটবেলা থেকেই আমাদের দুই পরিবারের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ও পারিবারিক যাতায়াত রয়েছে। পারিবারিক সম্পর্কের সুবাদে মাঝেমধ্যেই আমার পরিবার ও শরিফুল ইসলাম শক্তির পরিবারের সদস্যরা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরতে যাই।

​ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, সম্প্রতি আমার পরিবার এবং বন্ধু শরিফুল ইসলাম শক্তির পরিবারের সদস্যরা মিলে উল্লাপাড়ার 'রিয়া রুপণ শিশু পার্কে' ঘুরতে যাই। সেখানে আনন্দঘন মুহূর্তে আমি, আমার স্ত্রী এবং আমার বন্ধু শরিফুল ইসলাম একসঙ্গে দাঁড়িয়ে একটি সেলফি তুলি এবং পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করি।

​অপু সরকার অভিযোগ করে বলেন, ওই স্বাভাবিক পারিবারিক ছবিটিকে পুঁজি করে সমাজের একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে মাঠে নামে। তারা আধুনিক এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে মূল ছবিটি থেকে সুকৌশলে আমার ছবিটি কেটে বাদ দেয় এবং কেবল আমার স্ত্রী ও বন্ধু শরিফুল ইসলামের ছবি একসঙ্গে যুক্ত করে একটি বিকৃত ও আপত্তিকর ছবি তৈরি করে।

​শুধু ছবি বিকৃত করেই তারা ক্ষান্ত হয়নি উল্লেখ করে ভুক্তভোগী অপু সরকার বলেন, কুচক্রী মহলটি এআই প্রযুক্তির মাধ্যমে আমার কণ্ঠস্বর নকল (ভয়েস এডিট) করে একটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কল রেকর্ড তৈরি করেছে। পরবর্তীতে সেই বিকৃত ছবি এবং ভুয়া কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে এলাকায় ও সাধারণ মানুষের মাঝে চরম বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আমার, আমার স্ত্রীর এবং আমার বন্ধু শরিফুল ইসলামের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন ও মানহানি করেছে।

​সংবাদ সম্মেলনে অপু সরকার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, একটি সুস্থ ও সুন্দর পারিবারিক সম্পর্ককে কলুষিত করতে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এই জঘন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

​এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা প্রযুক্তির অপব্যবহার করে এ ধরনের সাইবার অপরাধ ও মানহানিকর কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে সাইবার নিরাপত্তা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও অনেক নিরপরাধ পরিবার এমন হেনস্তার শিকার হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad