রংপুরে দুই কোটি টাকার ওয়াকফ জমি আত্মসাতের অভিযোগ, মোতাওয়াল্লির বিরুদ্ধে তদন্ত দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ দুপুর
  • ১২৭২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২৩ শতক সম্পত্তির মধ্যে ৩ শতক ব্যক্তির নামে রেকর্ডের অভিযোগ, আয়-ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন

রংপুর নগরীর ধাপ লালকুঠির মোড়ে অবস্থিত সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের প্রায় দুই কোটি টাকা বাজারমূল্যের ৩ শতক জমি ব্যক্তিগত নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠেছে এস্টেটটির সাবেক সহকারী মোতাওয়াল্লি আসফাকুর রহমান ডাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব, দোকানভাড়া আদায় এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের দাবি, ১৯৭৭ সালে সাইফুদ্দিন আহমেদ ও তাঁর মা ইফফাত আরা বেগম রংপুরের রঘুনাথগঞ্জ মৌজায় ২৩ শতক জমি ওয়াকফ করেন। কিন্তু ১৯৯২ সালে জমির রেকর্ডের সময় ২০ শতক ওয়াকফ সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হলেও বাকি ৩ শতক মোতাওয়াল্লি পরিবারের আসফাকুর রহমান নিজের জমির সঙ্গে যুক্ত করে রেকর্ড করিয়ে নেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

স্থানীয়দের হিসাবে, বিতর্কিত ৩ শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও অন্যান্য ভূমি রেকর্ড যাচাই করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

দলিল গোপন রাখার অভিযোগ

সংশ্লিষ্ট দলিল অনুযায়ী, ১৯৭৭ সালের ১৭ মার্চ ৮০৫১ নম্বর দলিলে সাইফুদ্দিন আহমেদ ও তাঁর মা ইফফাত আরা বেগম সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের নামে ২৩ শতক জমি উৎসর্গ করেন। দলিলে উল্লেখ রয়েছে, এ সম্পত্তি থেকে অর্জিত আয় মসজিদ, মাদরাসা, এতিমখানা, পাঠাগার, সমাজসেবামূলক কার্যক্রম এবং দেশ ও জাতির কল্যাণে ব্যয় করা হবে।

অভিযোগকারীদের দাবি, ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ওয়াকফ দলিলটি গোপন রাখা হয়েছিল। তাঁদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল দলিল ও ভূমি রেকর্ড যাচাই করলে সম্পত্তির মালিকানাসংক্রান্ত বিরোধের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

ওয়াকফ এস্টেটের আয়-ব্যয়ের হিসাব নিয়েও অসংগতি থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, আগের ওয়াকফ পরিদর্শকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এস্টেটটির আয় দেখানো হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকা। অথচ সম্পত্তি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় হওয়ার কথা।

স্থানীয়দের ভাষ্য, এস্টেটের জমিতে একটি হোটেলসহ ১৫ থেকে ১৬টি দোকানঘর ভাড়া দেওয়া হয়েছে। এসব দোকানের বিপরীতে অগ্রিম জামানত হিসেবে বড় অঙ্কের অর্থ নেওয়া হলেও জামানতের পরিমাণ, ভাড়ার চুক্তি এবং আদায় করা অর্থ কোথায় জমা রাখা হয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য পাওয়া যাচ্ছে না।

তাঁদের অভিযোগ, আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে যাচাই করা হচ্ছে না। এ কারণে নিরপেক্ষ নিরীক্ষার মাধ্যমে এস্টেটের সম্পদ, ভাড়া, জামানত ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া গুরুত্বপূর্ণ এ ওয়াকফ সম্পত্তিতে দৃশ্যমান কোনো সাইনবোর্ড নেই বলেও অভিযোগ রয়েছে। সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দায়িত্ব হস্তান্তর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

অভিযোগে আরও বলা হয়েছে, ২০২০ সালে আসফাকুর রহমান ডাবলুর সহকারী মোতাওয়াল্লি পদ স্থগিত করা হয়। এরপরও তিনি এস্টেটের কার্যক্রম পরিচালনা করেছেন বলে অভিযোগকারীদের দাবি।

তবে অভিযোগ অস্বীকার করে আসফাকুর রহমান ডাবলু বলেন, সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ছিলেন তাঁর ভাই। তিনি ঢাকায় আইন পেশায় ব্যস্ত থাকায় তাঁকে লিখিতভাবে মোতাওয়াল্লির দায়িত্ব দেওয়া হয়েছে।

দোকানের ভাড়া এবং পরিচালনা কমিটি ছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানঘরগুলো তাঁর নিজের টাকায় নির্মাণ করা হয়েছে। দোকানের ভাড়া তুলে এলাকার মসজিদ এবং লালমনিরহাটের চাপারহাটে শ্বশুরের মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেন। এসব অর্থের হিসাব তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ওয়াকফ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা

রংপুরের ওয়াকফ পরিদর্শক শামীমুল হক বলেন, ১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশের ৪৪ ধারার বিধান অনুযায়ী আসফাকুর রহমান সাইফুদ্দিন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হয়ে থাকলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হবেন।

তিনি আরও বলেন, ৪৩ ধারার বিধান অনুযায়ী নিয়োগ দেওয়া হয়ে থাকলে ওয়াকফ অধ্যাদেশের ৩২(১) ধারা অনুসারে তাঁকে অপসারণ করতে হবে। সাইফুদ্দিন ওয়াকফ এস্টেট নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, জমির মালিকানা, মোতাওয়াল্লির নিয়োগ ও দায়িত্বের বৈধতা এবং এস্টেটের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তি নির্ধারিত ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad