নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ দুপুর
  • ৮২৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু অনুমোদনের বিষয়টি জানিয়েছেন।

চকরিয়া ও শিবগঞ্জ বিভক্ত করে নতুন থানা

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

গঠিত হচ্ছে মোকামতলা ও জৈন্তাপুর পৌরসভা

নিকার সভায় বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে দুটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পাগলা থানার নাম পরিবর্তন

ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।

চন্দ্রগঞ্জ ও বাঙ্গরা উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ

লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর এবং ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় সদর দপ্তর স্থাপন করা হবে।

অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবের দায়িত্বে দুই মন্ত্রণালয়

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তথ্যসূত্র: , ১৬ নভেম্বর ২০২৬; প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad