বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার জন্য বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব কর্মসূচি কোনো পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার অংশ হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ডিসেম্বর মাসজুড়ে দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের তৎপরতার খবরের প্রেক্ষাপটে বিএনপি ডিসেম্বরজুড়ে সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, বৈঠকে তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন। তবে এসব কর্মসূচি অন্য কোনো দল বা পক্ষের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার যে প্রবণতা ছিল, সে ধরনের কোনো উদ্যোগও বিএনপি নেবে না বলে বৈঠকে স্পষ্ট করা হয়।
বিজয়ের মাসকে কেন্দ্র করে নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেতাকর্মীদের সক্রিয় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন কার্যক্রম রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন পৃথকভাবে এসব কর্মসূচির ঘোষণা দেবে।
বৈঠকে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেও কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বিজয়ের মাসে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা এবং সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বৈঠক সূত্র জানিয়েছে।
বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
বৈঠকে রুহুল কবির রিজভী ছাড়াও বিএনপির পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক