গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দুই ভাই। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়ি সন্তলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সামিউল ও তাঁর জ্যাঠাতো ভাই আব্দুল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সামিউল মোটরসাইকেলে তাঁর জ্যাঠাতো ভাই আব্দুল্লাহকে পেছনে বসিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি চালু করার পরপরই বাড়ির ফটকের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।
এ সময় দুর্ঘটনায় সামিউলের চোখে একটি লোহার রড ঢুকে যায়। অন্যদিকে আব্দুল্লাহও গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
তথ্যসূত্র:গাইবান্ধা প্রতিনিধি। প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১০টা ৪৭ মিনিট।

প্রথম দর্পণ,ডেস্ক