ফেরি দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহতের ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ভোর থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাড়ের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ২০০ যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা ফেরি পরিচালনা করবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যেভাবে ঘটল দুর্ঘটনা
শুক্রবার শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের কাছে কাকলী ফেরির সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল নামে এক মাদরাসাছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার তাঁরা চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন।
ফেরি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়।
মামলায় আসামি চারজন, গ্রেপ্তার তিন
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ-পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেন রয়েছেন।
তবে মাস্টারকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি, দুর্ঘটনার জন্য বালুবাহী বাল্কহেড দায়ী। অথচ অন্যায়ভাবে ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। নৌ-পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের একজন মাস্টারকে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ করেনি বলেও দাবি করেন তিনি।
আব্দুর রবের ভাষ্য, দুর্ঘটনার জন্য বাল্কহেড দায়ী। মাস্টারকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।
দ্রুত ফেরি চালুর চেষ্টা
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় তাঁদের সময় ও অর্থের অপচয় হচ্ছে। পণ্যবাহী ট্রাকে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ট্রাকচালক সাগর বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের লোকসান হতে পারে।
বাসচালক আক্কাস মিয়া জানান, যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঘাটে এসে ফেরি বন্ধের বিষয়টি জানতে পারেন। এতে যাত্রী ও চালক সবাই ভোগান্তিতে পড়েছেন। আগে জানতে পারলে এই পথে আসতেন না বলে জানান তিনি।
যাত্রী আবরান বলেন, ফেরি বন্ধ থাকায় নারী, শিশু ও বয়স্কদের বেশি কষ্ট হচ্ছে। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
তদন্ত চলছে: নৌ-পুলিশ
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকদের দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। কর্মবিরতির বিষয়ে নৌ-পুলিশের কিছু বলার নেই।
ফেরি চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। দ্রুত কর্মবিরতির অবসান এবং ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রথম দর্পণ,ডেস্ক