দখল-দূষণ ও পলিতে অস্তিত্ব হারাচ্ছে কহুয়া নদী, সেচ সংকটে হাজার একর জমি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ দুপুর
  • ৯৭৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১৭ কিলোমিটার নদী এখন মরা খাল | বোরো আবাদ বাঁচাতে কৃষকদের নিজস্ব অর্থায়নে অস্থায়ী বাঁধ নির্মাণ | ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পে পুনরুদ্ধারের আশা

দীর্ঘদিন খনন ও সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে ফেনীর কহুয়া নদী। একসময়ের খরস্রোতা নদীটি পলি জমা, দখল-দূষণ ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এ নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ না থাকায় শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে তীব্র সেচ সংকট। এতে দুই উপজেলার প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। ফসল বাঁচাতে নিজেদের অর্থায়নে অস্থায়ী বাঁধ নির্মাণ করে সেচের পানি সংগ্রহ করছেন কৃষকরা।

ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুহুরী নদীর মোহনা থেকে উৎপত্তি কহুয়া নদীর গড় প্রস্থ ২৬ মিটার, গভীরতা পাঁচ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। একসময় এ নদীতে পালতোলা নৌকা ও পণ্যবাহী ট্রলার চলাচল করলেও বর্তমানে অধিকাংশ স্থানে চর জেগে উঠেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও সরু নালার মতো অস্তিত্ব টিকে আছে নদীটির। শুকিয়ে যাওয়া নদীর বুকে এখন শিশুদের খেলাধুলা করতে দেখা যায়।

পলি ও আবর্জনায় বন্ধ পানিপ্রবাহ

সরেজমিনে দেখা যায়, নদীর উত্তর কোলাপাড়া অংশের পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে। পরশুরাম উত্তর বাজারের খন্দকিয়া সেতুর নিচে ময়লা-আবর্জনা জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উত্তর কোলাপাড়ার পরিত্যক্ত রেলসেতুর পাথর নদীগর্ভে পড়ে থাকায় পানিপ্রবাহ আরও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাউতলী গ্রামসংলগ্ন মুহুরী ও কহুয়া নদীর মোহনায় অপরিকল্পিত ও অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। মুহুরী নদীর গভীরতা বেড়ে যাওয়ায় কহুয়া নদীতে পর্যাপ্ত পানি প্রবেশ করতে পারছে না। এ ছাড়া উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগও রয়েছে।

সব মিলিয়ে নদীটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সেচের পানির জন্য কৃষকদের বাড়তি খরচ

পূর্ব ঘনিয়ামোড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, প্রতি বছর বোরো মৌসুমে কহুয়া নদীতে পানির তীব্র সংকট দেখা দেয়। ফসল রক্ষায় বাধ্য হয়ে কৃষকরা চাঁদা তুলে মুহুরী নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণ করেন। এর মাধ্যমে কহুয়া নদীতে পানি প্রবেশ করিয়ে সেচের ব্যবস্থা করা হয়। নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ থাকলে কৃষকদের এ বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো না।

বিআরডিবির চেয়ারম্যান ও দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব রিপন বলেন, নদীটির শুরু থেকে শেষ পর্যন্ত ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। অন্যদিকে বর্ষায় পাহাড়ি ঢলের পানি দুই কূল উপচে ফসলি জমি, পুকুরের মাছ ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি করে। দ্রুত খনন ও সংস্কার করা না হলে একসময় নদীটি মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বক্সমাহমুদ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কহুয়া নদীর পানি ব্যবহার করে ধান ও সবজি চাষ করা হয়। নদী শুকিয়ে যাওয়ায় কৃষকরা বর্তমানে কৃত্রিম বাঁধ নির্মাণ করে সেচকাজ চালাচ্ছেন।

১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পে পুনরুদ্ধারের আশা

কহুয়া নদী পুনরুদ্ধারে আশার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ অনুমোদিত হয়েছে।

প্রকল্পের আওতায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করা, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। এতে দীর্ঘদিনের অবহেলায় অস্তিত্ব সংকটে পড়া কহুয়া নদী ফিরে পেতে পারে তার হারানো রূপ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad