শূন্য খরচে মালয়েশিয়ায় চাকরি, ১১২ কর্মী নিয়োগে আবেদন ৪ হাজারের বেশি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ দুপুর
  • ৮৯৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথম ধাপে লটারিতে ৩০০ জনের প্রাথমিক বাছাই, দক্ষতা যাচাই শেষে চূড়ান্ত হবেন ১১২ জন

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগের প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডিতে এ নিয়োগের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ২৯টি। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্য থেকে দক্ষতা, যোগ্যতা ও ব্যবহারিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

আবেদন জমা ৪ হাজার ২৯টি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

পরে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

১২ থেকে ১৫ নভেম্বর দক্ষতা যাচাই

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। বোয়েসেল এ বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত নিয়োগ পাবেন।

অভিবাসন ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান

রাশেদুল হক জানান, নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

তিনি বলেন, ‘জিরো মিনস জিরো’। নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অননুমোদিত কেউ অর্থ গ্রহণের চেষ্টা করলে অথবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সাধারণ শ্রমিকদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিরাপদ বিদেশি কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তর, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।

তথ্যসূত্র: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের ১২ নভেম্বরের প্রেস ব্রিফিং এবং ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad