পাঁচ বছরে ইলিশ উৎপাদন কমেছে ২৬ শতাংশ, সংসদে উদ্বেগজনক তথ্য

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ রাত
  • ৯২৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৫ লাখ ৬৬ হাজার টন থেকে উৎপাদন নেমে ৪ লাখ ১৯ হাজার টনে; অবৈধ জাল ও নির্বিচার মাছ শিকারকে দায়ী করছেন মন্ত্রী

দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে। ২০২১-২২ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে। ইলিশের উৎপাদন হ্রাসের এ তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা, মা ইলিশ সংরক্ষণ, জাটকা আহরণ বন্ধ, জেলেদের খাদ্যসহায়তা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

পাঁচ বছরে ধারাবাহিকভাবে কমেছে উৎপাদন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে গত পাঁচ অর্থবছরের ইলিশ উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে পৌঁছায়। এরপর উৎপাদন কমতে শুরু করে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন দাঁড়ায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে নেমে আসে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন।

দেশের মাছ উৎপাদনে ইলিশের অবদান ১০ শতাংশ

সংসদে মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ ২২ দিনে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা ৩ লাখ ৬৭ হাজার জেলে পরিবারকে চার মাস ধরে মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ বন্ধকালীন ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর ও প্রশিক্ষণ

মন্ত্রী জানান, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বর্ধক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

অবৈধ জালে মাছের উৎপাদন কমছে ৩০-৪০ শতাংশ

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। অবৈধ জালের ব্যবহারের কারণে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ইতোমধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।

এ সমস্যা মোকাবিলায় অভয়াশ্রম স্থাপন, পোনা অবমুক্তকরণ এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় অঞ্চলে একশ্রেণির অসাধু জেলে ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরার এ পদ্ধতি সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও ব্লু-ইকোনমির জন্য বড় হুমকি।

এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এ ছাড়া সারা দেশে ৮৭টি মাছের অভয়াশ্রম স্থাপন, ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত এবং ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

খুচরা বাজারদর নির্ধারণে সরাসরি ভূমিকা নেই মৎস্য অধিদপ্তরের

মাছের বাজারমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছের খুচরা দাম মূলত বাজারে সরবরাহ ও প্রাচুর্যের ওপর নির্ভর করে। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হওয়ায় মুক্তবাজার ব্যবস্থায় খুচরা পর্যায়ে দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি কোনো ভূমিকা নেই।

তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

সংসদে উপস্থাপিত উৎপাদন পরিসংখ্যান বলছে, একসময় দেশের মাছ উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইলিশের উৎপাদন টানা কয়েক অর্থবছর ধরে নিম্নমুখী। উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad