বিশ্ববাজারে কমল তেলের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ রাত
  • ১১৫৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্রেন্ট ক্রুডের দর নামল ৯০ ডলারের নিচে, একপর্যায়ে কমেছে ৪.৮৭ শতাংশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দেওয়ায় মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে। পাশাপাশি বিশ্ববাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব কারণে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে।

মঙ্গলবার ট্রেড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৬ ডলারে লেনদেন শুরু হয়। বিকেল পৌনে ৪টার দিকে দাম ৪ দশমিক ৮৭ শতাংশ কমে ৮৯ দশমিক ১৯ ডলারে নেমে আসে। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সন্ধ্যা সোয়া ৫টার দিকে ১ দশমিক ৯৯ ডলার বেড়ে ৯১ দশমিক ১৮ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে লেনদেন শুরু হয়। বিকেল পৌনে ৪টার দিকে তা ৪ দশমিক ২৫ শতাংশ কমে ৮৩ দশমিক ৯৩ ডলারে নেমে যায়। পরবর্তী সময়ে দাম ১ দশমিক ৯৫ ডলার বেড়ে সন্ধ্যা সোয়া ৫টায় ৮৫ দশমিক ৮৮ ডলারে দাঁড়ায়।

গত ৩১ আগস্টের পর মঙ্গলবার প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের নিচে নামে। এর আগের দিন সোমবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছিল।

ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান

সোমবার ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন না। তাঁর এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং জ্বালানি সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানকেই তেলের বাজার বেশি গুরুত্ব দিচ্ছে। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা এখনো বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরির পর্যায়ে পৌঁছায়নি।

বিশ্ববাজারে বাড়ছে সরবরাহের সম্ভাবনা

বিশ্লেষকদের মতে, উচ্চমূল্যের কারণে জ্বালানি তেলের চাহিদা কমে আসায় বিশ্ববাজারে সরবরাহের উদ্বৃত্ত তৈরি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। জেপি মরগানের এক পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকতে পারে।

রয়টার্সের এক জরিপেও অপরিশোধিত তেলের বাজারে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ তেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত বেঞ্চমার্ক ‘ডেটড ব্রেন্ট’-এর দর গত কয়েক সপ্তাহে দুর্বল হওয়ার তথ্য উঠে এসেছে।

এদিকে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। রপ্তানিতে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৌদি আরব, কুয়েত ও ইরাকে উৎপাদন বৃদ্ধির কারণে জোটটির সামগ্রিক উৎপাদন বেড়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের প্রেক্ষাপটে সেই দাম থেকে বর্তমানে প্রায় ২৩ শতাংশ কমেছে। তবে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।

রাশিয়া-ইউক্রেন আলোচনাও নজরে

এদিকে, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসার পরিকল্পনা করছেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, দীর্ঘদিনের সংঘাতের পর একটি সামগ্রিক শান্তিচুক্তি সম্ভব হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ গতিপ্রকৃতিও আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স, ট্রেড ইকোনমিকস, জেপি মরগান ও কেসিএম ট্রেডের বাজার বিশ্লেষণ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad