প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন হামজা। ক্লাবের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে দলের সঙ্গে যোগ দিয়েই শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন এই মিডফিল্ডার।
হামজা বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত। আমরা সবাই রোমাঞ্চিত। মোমেন্টাম ধরে রাখার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই। শিরোপা জয়ের প্রত্যাশা থেকে আমাদের ওপর চাপ রয়েছে। ইনশাআল্লাহ আমরা সাফ চ্যাম্পিয়ন হবো।’
প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে বাংলাদেশেরদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা সম্পর্কে সচেতন হামজা। তাঁর মতে, সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
তিনি বলেন, পুরো দেশ চায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। সিঙ্গাপুর, হংকংসহ বিভিন্ন দলের বিপক্ষে ভালো খেলা এবং ভারতকে হারানোর অভিজ্ঞতা দলের সামর্থ্যের প্রমাণ। এসব পারফরম্যান্স থেকে বাংলাদেশ বুঝতে পেরেছে, শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা তাদের রয়েছে।
হামজার ভাষায়, ‘আমরা জানি, আমাদের সেই মান আছে। আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাআল্লাহ এই পর্যায়ে এবং এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’
গোলের সুযোগ তৈরি হওয়ায় চিন্তিত নন হামজাভুটানের বিপক্ষে আগের ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের একমাত্র গোলে জয় পায় দল।
তবে গোলের সুযোগ নষ্ট হওয়াকে আপাতত বড় উদ্বেগ হিসেবে দেখছেন না হামজা। তাঁর মতে, নিয়মিত সুযোগ তৈরি করতে পারাটাই ইতিবাচক দিক। সুযোগ তৈরি হলে গোলও আসবে।
তিনি বলেন, ‘স্ট্রাইকার পজিশনে গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে। আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের আরেকটু সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে এবং ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব এবং আরও ম্যাচ জিততে পারব।’
হামজার মতে, গোলের সুযোগ তৈরি করতে না পারলে সেটি দুশ্চিন্তার কারণ হতো। কিন্তু বাংলাদেশ যেহেতু সুযোগ তৈরি করতে পারছে, তাই দলের আক্রমণভাগ নিয়ে তিনি আশাবাদী।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য একটাই—জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার পথে এগিয়ে যাওয়া। হামজার আত্মবিশ্বাস সতীর্থদের পারফরম্যান্সেও প্রতিফলিত হলে দীর্ঘদিনের শিরোপা-প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হতে পারে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স