পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তায়াব আরিফ ৫৭, মোহাম্মদ তাহা ৫১ এবং আরাফাত মিনহাস ৫২ রান করেন।
এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তিন অভিষিক্ত ব্যাটসম্যান একই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছিলেন। হারারেতে অনুষ্ঠিত ওই ম্যাচে গ্র্যান্ট ফ্লাওয়ার ৮২, ডেভ হটন ১২১ এবং অ্যান্ডি ফ্লাওয়ার ৫৯ রান করেন। দীর্ঘ ৩৪ বছর পর সেই বিরল কীর্তির পুনরাবৃত্তি ঘটাল পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টে অভিষিক্ত তিন ব্যাটসম্যানের পাশাপাশি পাকিস্তানের হয়ে অর্ধশতক পেয়েছেন বাবর আজম ও সৌদ শাকিল। শাকিল খেলেছেন ইনিংসের সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। পাঁচ ব্যাটসম্যানের কার্যকর ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। ফলে হাতে সাত উইকেট নিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ৩২০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
দিন শেষে শ্রীলংকার হয়ে কামিন্দু মেন্ডিস ৪০ এবং ধনঞ্জয়া ডি সিলভা ২২ রানে অপরাজিত ছিলেন।
অভিষেকেই তিন তরুণের এমন সাফল্য পাকিস্তানের টেস্ট ক্রিকেটে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। একই সঙ্গে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো এক ইনিংসে তিন অভিষিক্তের অর্ধশতকের বিরল রেকর্ডে নাম লেখাল দলটি।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স