নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ, স্লোগানে উত্তাল ক্যাম্পাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ বিকাল
  • ১০৯৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া শেখ হাসিনা ও ছাত্রলীগকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট, নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছেন। সম্ভাব্য নাশকতা মোকাবিলায় আগের রাতেও ক্যাম্পাসে পাহারায় ছিলেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad