দেশে ফেরার বাস্তব পরিস্থিতি নেই শেখ হাসিনার, ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে সতর্ক নজর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ বিকাল
  • ১০৮৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি গত সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশের নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকির কারণে তার দেশে ফেরার বাস্তব সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক নেতারা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য এবং পাসপোর্টের আবেদন নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষণ ও বিভিন্ন দলের নেতাদের বক্তব্যে বিষয়টিকে বাস্তব প্রস্তুতির চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখার প্রবণতা বেশি।

‘দেশে ফিরবেন না শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম শেখ হাসিনার সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য এবং সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি নেই। সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই বলেও জানান তিনি।

ওই মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রয়োজনে প্রতিরোধের কথা বিএনপির

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মোকাবিলায় এখনই অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতির প্রয়োজনে দলমত নির্বিশেষে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রতিরোধ করা হবে।

হাসিনার প্রত্যাবর্তন চায় না জামায়াত ও এনসিপিও

সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে দলগুলোর অবস্থানে মিল রয়েছে। তিন দলই তার প্রত্যাবর্তনের বিরোধিতা করছে এবং ডিসেম্বর ঘিরে তার সম্ভাব্য তৎপরতার ওপর নজর রাখছে। প্রয়োজনে কর্মসূচি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূলত রাজনৈতিক স্টান্টবাজি। এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঙা করা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনার হাতে পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ থাকার সময়ও তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার সক্ষমতা রয়েছে বলে মনে হয় না। তবে তিনি ফিরতে চাইলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে সরকারের সঙ্গে সমঝোতা করে আসতে হবে বলে তিনি মনে করেন। বিমানবন্দর কিংবা স্থলবন্দর—যে পথেই তিনি প্রবেশের চেষ্টা করুন, জনগণ প্রতিরোধ করবে। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলের বিভাজন থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট। জনগণের প্রতিরোধের সঙ্গে জামায়াতও থাকবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং জনগণ তার সাজা কার্যকর দেখতে চায়।

প্রত্যাবর্তন নিয়ে সংশয় এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তিনি বাস্তবে ফিরবেন বলে মনে করেন না। তবে তিনি দেশে ফিরলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরকেন্দ্রিক দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক দলগুলোর মধ্যে সতর্কতা তৈরি করেছে। তবে তার পাসপোর্টের আবেদনকে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই। প্রত্যাবর্তন হলে তা কীভাবে এবং কোন আইনি প্রক্রিয়ায় হবে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad