সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য, নিয়োগে পাঁচ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ বিকাল
  • ৯২১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

শূন্যপদের তথ্য প্রকাশ

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, এসব পদ পূরণে বর্তমান সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা

শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

খায়রুল কবির খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্পন্ন হওয়া নিয়োগের ক্ষেত্রে কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার ফলে কোনো পদ শূন্য হলে সেসব পদেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের তথ্য সংসদে জানানো হবে

কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি নিয়োগ কার্যক্রমের তথ্য প্রতি ছয় মাস অন্তর হালনাগাদ করা হয়। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন দপ্তর, বিভাগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এসব তথ্য সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন সরকারি কর্মচারী নিয়োগ পেয়েছেন, তা জাতীয় সংসদকে জানানো সম্ভব হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad