জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ না নেওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের এ নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক এ নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেও কেন্দ্রীয় সংসদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নেতারা। এ কারণে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন—আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম; আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন; বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান; শহীদ রফিক-জব্বার হল শাখার সভাপতি জাহিদ খান; শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম; শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন।
নোটিশে সংশ্লিষ্ট নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক