শুক্রবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আটিপাড়া দারুল উলুম নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। মাদকের ভয়াবহ বিস্তার যুবক ও কিশোরদের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা ও দেশের সমৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা উদ্বেগজনক।
তিনি বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মসজিদ-মাদ্রাসায় আলেম-ওলামাদের কোরআন-হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে। এতে মানুষ মাদক ও অন্যান্য হারাম কাজের বিরুদ্ধে আরও সচেতন হবে।
কোরআন-হাদিসে মাদক নিষিদ্ধ
পবিত্র কোরআনের সূরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, মদ, জুয়া ও অন্যান্য শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ। এসবের মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয় এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে মানুষ দূরে সরে যায়।
মুসলিম ও তিরমিজি শরিফের হাদিস উল্লেখ করে তিনি বলেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে বস্তু বেশি পরিমাণে গ্রহণ করলে নেশা সৃষ্টি করে, তার অল্প পরিমাণও নিষিদ্ধ। তাই মাদককে কোনোভাবেই মুসলিম সমাজে গ্রহণযোগ্য হতে দেওয়া যায় না।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন করতে হবে। মাদকের ব্যবহার, কেনাবেচা ও বিস্তার বন্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। মাদকমুক্ত ও আলোকিত সমাজ গঠন সবার নৈতিক দায়িত্ব।
কিশোর গ্যাং দমনে সামাজিক উদ্যোগের আহ্বান
কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের অভিজাত ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে আনা কঠিন।
তিনি আরও বলেন, বিপথগামী যুবক ও কিশোরদের ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ করে সঠিক পথে ফিরিয়ে আনতে পারলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহীনুর, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, বিএনপি নেতা আলী আকবর, ইব্রাহীম খলিল ও ইয়াকুব আলী প্রমুখ।

প্রথম দর্পণ,ডেস্ক