শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসক শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
পাশাপাশি দায়িত্ব পালনকারী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং শ্রমিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক