তাসকিন-হাসানের সুইংয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, ১১ ওভারে ৩ উইকেট

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ দুপুর
  • ২৬৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিলেট টেস্টের প্রথম ঘণ্টায় বাংলাদেশের পেসারদের দাপট; ৪১ রান তুলতেই তিন উইকেট হারাল সফরকারীরা

সিলেট টেস্টের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছে বাংলাদেশের পেস আক্রমণ। সকালের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দারুণ সুইং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক আঘাত হেনেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। শুরুতে হাসান মাহমুদের বলে স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটার। তবে ক্যাচটি নিতে পারেননি সাদমান। ফলে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তাঁর ফুল লেংথের বলটি পিচে পড়ার পর ভেতরের দিকে সুইং করে। মিডউইকেট দিয়ে ফ্লিক করতে গিয়ে বলের গতিপথ বুঝতে পারেননি কিং। শেষ পর্যন্ত বল সরাসরি আঘাত করে স্টাম্পে।

এর পরের ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে কেভম হজকে বোল্ড করেন তিনি। অফ স্টাম্পের বাইরে করা ব্যাক অব লেংথের বলটি পিচে পড়ে দ্রুত ভেতরের দিকে ঢুকে যায়। বল ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও সেটির গতি ও মুভমেন্ট সামলাতে পারেননি হজ। বল গিয়ে আঘাত করে মিডল স্টাম্পে।

দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে আরও বিপাকে ফেলেন তাসকিন। ইনিংসের নবম ওভারে উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এতে প্রথম ঘণ্টাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশের পেসাররা।

সকালের উইকেটে সুইং আদায় করে নিয়ে তাসকিন ও হাসান মাহমুদের ধারালো বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad