জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে দীর্ঘদিন থাকলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা হারিয়ে পরগাছায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, একটি জনসভায় শিবির নেতা সাদিক কায়েম সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে ‘বেইমান’ আখ্যা দেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ওই বক্তব্যের প্রতি সমর্থন জানান বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম রাজনৈতিক দৃঢ়তা থাকলে এ ঘটনার প্রতিকার না হওয়া পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে তাদের অংশ নেওয়া উচিত নয়।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই রাজনৈতিক দৃঢ়তা রয়েছে, নাকি আটটি আসনের বিনিময়ে তারা নিজেদের পুরোপুরি জামায়াতের কাছে সমর্পণ করেছে—তা দেখার বিষয়।
এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁন বলেন, তারা চান এনসিপি একটি চারাগাছ থেকে একদিন বটবৃক্ষে পরিণত হোক। কিন্তু দীর্ঘদিন জামায়াতের ছত্রছায়ায় থাকলে দলটি নিজস্ব শক্তিতে বেড়ে ওঠার পরিবর্তে পরগাছায় পরিণত হবে। সে ক্ষেত্রে বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার সুযোগও সংকুচিত হবে।
আটটি আসন পাওয়াকে এনসিপি সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগ হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে আসনসংখ্যা ৮০ কিংবা দেড় শতাধিকেও উন্নীত হবে না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এমন রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকলে এনসিপি আরেকটি খণ্ডবিখণ্ড জাসদে পরিণত হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক