নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ৬৮৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব বাস পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরিতে সম্পূর্ণ বিনা মূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রাথমিকভাবে নির্বাচিত নারীদের এক থেকে চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ দেওয়া হবে।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু হয়েছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালুর প্রস্তুতি চলছে। এসব বাস পরিচালনায় নারী চালক নিয়োগের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মুনাফা অর্জন নয়, মহানগরীসহ সারা দেশে নারীদের নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করাই এ সেবার মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ শেষে নিয়োগের সুযোগ

বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান বাসসকে জানান, হালকা মোটরযানের লাইসেন্সধারী নারী চালকদের ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের ইভি পিংক বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুসরণ করে দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও সময়সীমা

বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিতে প্রার্থীদের বাংলাদেশের নাগরিক নারী হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট। তবে অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য। আবেদনকারীদের কমপক্ষে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মহিলা হোস্টেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর।

সড়ক নিরাপত্তায় দক্ষ চালক তৈরির উদ্যোগ

ফাতেমা বেগম জানান, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ উদ্দেশ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বিআরটিসি দক্ষ চালক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুনদের বিনা মূল্যে হালকা মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এ প্রশিক্ষণ নিয়েছেন; তাঁদের অনেকেই দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ফাতেমা বেগমের ভাষ্য, বিভিন্ন জরিপে পুরুষদের তুলনায় নারী চালকদের তুলনামূলক বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর প্রবণতা দেখা গেছে। গণপরিবহনে নারী চালক ও সহকারী থাকলে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ বিবেচনায় পিংক বাস সার্ভিসের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad