লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ বিকাল
  • ৮৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে নিলে বিকেলে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ভানুগাছ স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ নয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান। অন্যদিকে, ট্রেনের বাকি সাতটি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেয়। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad