প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের কারণ জানাতে বললেন আসিফ মাহমুদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ রাত
  • ১৭৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আসিফ মাহমুদ বলেন, মেধা ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে হাজারো তরুণকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। লিখিত পরীক্ষাসহ নিয়োগের অন্যান্য ধাপে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও তাদের প্রায় আট মাস ধরে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত এসব প্রার্থীর অনেককেই নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন থাকতে পারে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কোন আইনি ভিত্তিতে, কী মানদণ্ডে এবং কী প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত একজন প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, অভিযোগ না থাকলে ওই প্রার্থীকে চাকরি থেকে বঞ্চিত করার কারণও স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, সরকারকে ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করা উচিত।

সরকারি চাকরি কোনো সরকারের দয়া, দলীয় পুরস্কার বা রাজনৈতিক আনুকূল্য নয় উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ একজন নাগরিকের অধিকারকে অস্বচ্ছ ভেরিফিকেশন বা রাজনৈতিক বিবেচনায় খর্ব করার অধিকার কোনো সরকারের নেই।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad