এ-সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম।
কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকেগেজেট অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ পেতেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্ধিত হারে এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থাৎ, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই কর্মচারীরা প্রচলিত নিয়মেই বিশেষ ভাতা পাবেন। এ সময় অর্থ বিভাগের ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জারি করা স্মারক অনুযায়ী তাদের ভাতা দেওয়া হবে।
নতুন পে-স্কেলের সঙ্গে ভাতার হার নির্ধারণ নয়গেজেটে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে এনএসআই কর্মীদের বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না। ফলে নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও তার নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে এই বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না।
প্রেষণে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রেও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো কর্মচারী প্রেষণে থেকে এনএসআইয়ের বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
গেজেটে আরও স্পষ্ট করা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন প্রচলিত বিশেষ ভাতার পরিমাণকে ভিত্তি ধরেই ২০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। নতুন বর্ধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক