হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ বিকাল
  • ৩৮২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে হাম উপসর্গে ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা অব্যাহতভাবে বাড়তে থাকায় এবং নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের অব্যাহত মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বগতিতে সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা না থাকায় এটি মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুর পরিবারগুলোয় এবং অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। সরকার আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার পদক্ষেপের ঘাটতি থাকায় এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার ঘাটতির কারণে মৃত্যু মিছিল থামছে না। হাম নিয়ে সরকারের দায়সারা ভূমিকায় দেশবাসীর সাথে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের উচিৎ হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণ ও হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি আরো বলেন, দেশে হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গে এবং ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের।

গোলাম পরওয়ার বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেও রোগটি নিয়ন্ত্রণে মাঠে দৃশ্যমান পদক্ষেপ কিংবা কার্যক্রম শুরু না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ও লোক দেখানো পদক্ষেপ নিলেও লুটপাট ও নগ্ন দলীয়করণের কারণে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে এবং লার্ভা ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থার ভগ্নদশায় পতিত হয়েছে এবং জনগণকে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে। অবিলম্বে সরকারকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad