বুধবার রাজধানীর মোহাম্মদপুর ও পশ্চিম আগারগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইকবাল রোডের বাসা থেকে সাবেক এমপি রুহী গ্রেপ্তারনেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে রুহীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশনের নথিতেও ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে তাঁর প্রার্থিতার তথ্য রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।
আগারগাঁওয়ে সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর গ্রেপ্তারঅন্যদিকে, বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীরের বয়স ৫৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগেরও সদস্য ছিলেন।
ডিবি সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে আলমগীরের বিরুদ্ধে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং মামলার ধারাগুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স