উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর এলাকায় দশানী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পাগলা খেয়াঘাটে সেতু না থাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সেতু নির্মাণ না হলে এ দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর তালতলা এলাকায় দশানী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বর্ষায় বাড়ে দুর্ভোগমানববন্ধনে বক্তারা বলেন, বদনেরচর ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ পাগলা খেয়াঘাট। দশানী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন নৌকা বা খেয়া পার হয়ে মানুষকে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে রাতের বেলায় খেয়া পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তিস্থানীয়দের অভিযোগ, সেতুর অভাবে আশপাশের সড়ক যোগাযোগের সঙ্গে এলাকার কার্যকর সংযোগ ব্যাহত হচ্ছে। কৃষকরা উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত সময় ও পরিবহন ব্যয়ের মুখে পড়ছেন। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, নদী পারাপারের সময় পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকদের উদ্বেগের মধ্যে থাকতে হয়।
‘সেতু নির্মাণ এখন সময়ের দাবি’মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে এবং মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হবে। তিনি দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ দাবি করেন।
আরেক বাসিন্দা ফারুক মিয়া বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এ এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দশানী নদীর ওপর সেতু নির্মাণ কোনো বিলাসিতা নয়, এটি এখন সময়ের দাবি। প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ প্রয়োজন।
মানববন্ধনে স্থানীয়রা ‘পাগলা খেয়াঘাটে সেতু চাই’, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে’ এবং ‘দশানী নদীর ওপর দ্রুত সেতু নির্মাণ করতে হবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন থেকে পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণে জামালপুর-১ আসনের এমপি ও বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তাদের দাবি, সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হওয়ার পাশাপাশি বদনেরচর ও আশপাশের হাজারো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স