সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান। জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে জেলা প্রশাসক রোজি আক্তার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন। পরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা শুরুর সময় হুইপ নিজান মাইকে বলেন, ‘এই আলোচনা সভায় যাদের দাওয়াত দেওয়া হয়নি, তারা এখান থেকে চলে যান।’
এরপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা, ছবি তোলা হলে আপনারা চলে যান। পাশের রুমে গিয়ে অপেক্ষা করুন, চা খান। এখানে অনেক সংবেদনশীল আলোচনা হবে, বায়াস হবে।’
হুইপের এই বক্তব্যের পর সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয়। ফলে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সভার মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, গত দুই দিন দেশের অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার কার্যক্রম সাংবাদিকরা সরাসরি সম্প্রচার (লাইভ) করতে পারলেও কুমিল্লার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে।
সভায় যারা উপস্থিত ছিলেনসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: আমার দেশ, ১৪ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক