বিচারপতিদের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্টে রিট

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ১৯৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। এতে গত ২৭ আগস্ট ২০২৬ জারি করা পরিপত্রটি বাতিলের পাশাপাশি এর কার্যকারিতা স্থগিত এবং পূর্বের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।

‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ও আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক’

রিট আবেদনে বলা হয়েছে, ২৭ আগস্ট জারি করা পরিপত্রটি বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

আবেদনকারীদের দাবি, বিচারপতিদের নিরাপত্তা কমানোর এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

রিটে আরও বলা হয়, এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের কার্যকারিতা স্থগিত করে ৬ মার্চ ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগ সুয়োমোটো রুল জারি করেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ৯ মার্চ ২০২৫ তারিখে ওই পরিপত্রটি বাতিল করা হয়।

পূর্বের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের দাবি

রিট আবেদনকারীদের বক্তব্য, পূর্বে আদালতের দেওয়া নির্দেশনা ও নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্তের পরও নতুন করে নিরাপত্তা কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এতে বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আবেদনে ২৭ আগস্টের পরিপত্রটির কার্যকারিতা স্থগিত করে সেটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পূর্বের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad