প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ২৭১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

আমিনুল হক বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের ফুটবল ও খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ এখনো অনেক বেশি। এই আগ্রহকে কাজে লাগিয়ে দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, দেশে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার পাশাপাশি রাজধানী বা বড় শহরের বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদেরও জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে হবে।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, তরুণদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করা প্রয়োজন। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ তৈরি হবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ ও সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad