ড্রেজার বসিয়ে বালু উত্তোলন: কাজীপুরে দুইজনের জরিমানা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ রাত
  • ৩৩২৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg অভিযান চলাকালীন।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন— কাজীপুর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মঞ্জুর রশিদ রানা (৪৮) এবং একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আতিকুর রহমান (৪৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকা এবং সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদের বাড়ির পাশের নদীপাড়ে দীর্ঘদিন ধরে দুটি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন তারা। এসব কর্মকাণ্ডের ফলে নদীতীর সংরক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করে।


পরিস্থিতি বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযানে দুজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে নদী এলাকার ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।


অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীতীর এবং তীর রক্ষা বাঁধের ক্ষতি হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।


তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।









কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad