ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাঁচ কর্মকর্তার নির্ধারিত সুইডেন সফর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে স্থানীয় সরকার বিভাগ সফর বাতিলের উদ্যোগ নেয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (সিটি করপোরেশন-১) মোহাম্মদ রবিউল ইসলাম রোববার রাতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং এ-সংক্রান্ত নথি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুইডেন সফরের অনুমতি পান স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোড রোলার পরিচালনার প্রশিক্ষণের নামে এ সফরের আয়োজন করা হয়।
গত ৬ জুলাই জারি করা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সফরসঙ্গী হিসেবে মনোনীত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, চসিকের সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইমরান হোছাইন খোকা।
চসিক সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ চট্টগ্রাম সিটি করপোরেশনে পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার সরবরাহ করে, যা গত ১১ মার্চ চসিকের স্টকে জমা হয়। যন্ত্রপাতি হস্তান্তরের চার মাস পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুইডেনে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
চুক্তির শর্ত অনুযায়ী, রোলার সরবরাহের সাত দিনের মধ্যে চট্টগ্রামেই একজন উপ-সহকারী প্রকৌশলী এবং প্রতিটি রোলারের চালকদের একদিনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এ প্রশিক্ষণের জন্য মোট ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ভার বহনের দায়িত্ব ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেই প্রেক্ষাপটে বিদেশ সফরের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।
আইন বিশেষজ্ঞদের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নীতিগতভাবে অনুচিত এবং এটি স্পষ্ট স্বার্থের সংঘাত (Conflict of Interest) সৃষ্টি করে।
উল্লেখ্য, এর আগেও মশা নিধন কার্যক্রমের প্রশিক্ষণের নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে চসিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সফরও বাতিল করা হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ