প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, অতীতের কথিত উন্নয়নের আড়ালে দেশে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় ঘটেছে। এর ফলে দেশের অনেক অর্জনই ম্লান হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালেহ শিবলী বলেন, ‘আমরা বিগত সময়ে যে উন্নয়নের গালগল্প শুনেছি, সেই উন্নয়ন আসলে কোথায় হয়েছে? ফ্যাসিস্ট আমলে নানা ক্ষেত্রে অবনতি ঘটেছে। বিশেষ করে সামাজিক ও নৈতিক মূল্যবোধের জায়গায় যে অবক্ষয় হয়েছে, তা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।’
তিনি জানান, সরকার তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের আরও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের তথ্য দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়।
প্রেস সচিব বলেন, ‘আমরা তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই। সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাই। এজন্য জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কার্যক্রম চলছে।’
বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার