সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে আজ (১২ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত জাতীয় কবরস্থানে দাফন করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে জানাজা জাতীয় সংসদের টানেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জাতীয় কবরস্থানে সমাহিত করা হবে।
জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিমে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে প্রায় পাঁচ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত জাতীয় কবরস্থানে এর আগে দেশের কয়েকজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ও জাতীয় ব্যক্তিত্বকে দাফন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান (যাদু মিয়া), মুসলিম লীগ নেতা খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদ।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি রয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার