জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি দাবি করেছেন, ঢাকার সবকটি আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হলেও 'মেটিকুলাস ডিজাইনের' মাধ্যমে তাদের সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কোতোয়ালী দক্ষিণ থানা ইউনিটের দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী রাজপথে সক্রিয় ছিল। সে কারণে জনগণ দলটির পক্ষে ভোট দিলেও ভোট জালিয়াতির মাধ্যমে জামায়াতকে মূলধারার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যেও এ বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কারণে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের কাছে জামায়াতের কর্মীরা মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। সেই ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রত্যেক দায়িত্বশীলকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দায়িত্ব একটি আমানত। যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে তা আমানতের খেয়ানত হিসেবে গণ্য হবে। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের কাজ এগিয়ে নিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একজন কর্মীর আচরণ, চরিত্র ও কর্মকাণ্ডে যেন মানুষ জামায়াতে ইসলামীর আদর্শের প্রতিফলন দেখতে পায়। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে মানবিক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
কোতোয়ালী দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানসহ অন্যান্য নেতারা।

প্রথম দর্পণ,ডেস্ক